দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওমান উপকূলে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
সেন্টকমের পোস্ট অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টায় হামলা শুরু হয়। সংস্থাটি এ হামলাকে ‘আত্মরক্ষামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করে জানিয়েছে, এটি আগের দিন মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাব।
একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, নতুন হামলাগুলো ইরানের প্রতি সতর্কবার্তা হিসেবে পরিচালিত হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ধারণা, চলমান সংঘাতের অবসান ঘটাতে যে আলোচনা চলছে, তাতে এ হামলা বাধা সৃষ্টি করবে না। সেন্টকম হামলাকে ‘ইরানের অযৌক্তিক আগ্রাসনের প্রতি সমানুপাতিক জবাব’ বলে উল্লেখ করেছে।
সিএনএনকে দুটি সূত্র জানিয়েছে, প্রাথমিক হামলাগুলো হরমুজ প্রণালির আশপাশের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে। সূত্রগুলোর একটির দাবি, আরও হামলা চালানোর প্রস্তুতি রয়েছে।
হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, সোমবার একটি ইরানি শাহেদ ড্রোন অ্যাপাচি হেলিকপ্টারটিতে আঘাত হানে। তবে ড্রোনটি ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারটিকে লক্ষ্যবস্তু করেছিল, নাকি ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে জানিয়েছেন, হেলিকপ্টারের দুই পাইলট অক্ষত ছিলেন এবং একটি চালকবিহীন মার্কিন ড্রোন নৌযান তাদের উদ্ধার করে।
অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার যুক্তরাষ্ট্র ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশ ব্যবহার করে থাকে। ৩০ মিলিমিটার চেইন গান ও তুলনামূলক কম খরচের রকেটে সজ্জিত এ হেলিকপ্টারগুলো সংঘাতের সময় ইরানি ড্রোন মোকাবিলায় কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী অস্ত্র হিসেবে বিবেচিত হয়।
সূত্র: সিএনএন
এমএস/